সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফার চতুর্থ দিনে ৬ নম্বর সাক্ষী শহীদুল ইসলামকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
পিপি ফরিদুল আলম বলেন, গত ২৩ থেকে ২৫ আগস্ট প্রথম দফায় সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালত নোটিশ দিয়েছিলেন। ওই তিনদিনে মামলার বাদী ও ২ নম্বর সাক্ষী জবানবন্দি প্রদান করেন। দ্বিতীয় দফায় এ পর্যন্ত ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আজ দ্বিতীয় দফার শেষ দিনে সিনহা হত্যার ঘটনাস্থলের নিকটবর্তী বায়তুল নূর জামে মসজিদের ইমাম শহীদুল ইসলামের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালতে উপস্থিত হয়েছেন আরও দুই সাক্ষী।