বাংলাদেশী বাবা এবং জাপানি মায়ের দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাদের নিয়ে ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে মর্মে রায় দিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গত ৭ ফেব্রুয়ারি মামলার চূড়ান্ত শুনানি শেষে আদেশ দেওয়ার জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।
আপিল বিভাগ একইসঙ্গে সন্তানদের নিয়ে জাপানি মা বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না, বলেও আদেশ দিয়েছেন। মামলাটি পারিবারিক আদালতে ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।
গত ২৩ জানুয়ারি আপিল বিভাগ পরবর্তী দুই সপ্তাহ জাপানি মায়ের কাছে দুই সন্তান থাকার নির্দেশ দেন। তবে রোজ সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন, বলে আদালত আদেশ দেন।