প্রায় ৫৩ হাজারের বেশি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ এসব তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মলনে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গতকাল রাত ১০টার দিকে ধোলাইপাড়ের একটি দোকানের সামনে থেকে আমিনুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যানুযায়ী টঙ্গী থেকে তৌফিক ইসলাম নামের আরেক জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩ হাজার ১০০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ব্যক্তির ৩৬ হাজার ৩০০টি রঙিন ছবি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অপরাধীরা মোবাইলের সিম কিনতে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে। এ চক্রটি গত দেড় মাস ধরে কাজ করছিল। জাতীয় পরিচয়পত্রগুলো সাধারণত ৩০-৩৫ টাকায় বিক্রি করা হতো। আটক হওয়া তৌফিকুল ইসলাম এই চক্রটির অন্যতম সদস্য। আমিনুল ইসলাম ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিক্রেতা। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।