ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার দুর্নীতির বিষয়ে তদন্তকাজ শেষপর্যায়ে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের-দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় মার্চ মাসের মামলা সংক্রান্ত কার্যক্রম তুলে ধরেন দুদক সচিব।
এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রানা প্লাজা মালিকের বিরুদ্ধে অভিযোগ দুদক ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। দুদক সচিব বলেন, রানা প্লাজা ধসের এক বছর হয়ে গেছে। তাই দ্রুত ওই প্রতিবেদন শেষ করার চেষ্টা করা হচ্ছে। দুদকের দুজন উপপরিচালক বিষয়টি তদন্ত করছেন। অনুসন্ধানের এ পর্যায়ে সোহেল রানার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনেক প্রমাণ পাওয়া গেছে।
ইসলামী ব্যাংকের দুর্নীতির নথি চেয়ে বাংলাদেশ ব্যাংকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাঠানোর সংবাদটিও দুদকের নজরে রয়েছে বলেও সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবেও জানান দুদক সচিব।