অপহরণকারীদের ধরতে এবং অপহৃতকে দ্রুততম সময়ে উদ্ধারের জন্য ঢাকা মহানগর এলাকায় কাজ শুরু করতে যাচ্ছে ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
শনিবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্ট্রারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়েজিত সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, নতুন গঠিত ৪০ সদস্যের এ দলটি নগরবাসীকে অপহরণের আতঙ্ক থেকে স্বস্তি দিতে কাজ করবে। অপহরণ সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে এ দলটিকে সহায়তা দিতে সার্বক্ষণিক খোলা থাকছে একটি নম্বর। পুলিশের একজন অতিরিক্ত উপ-কমিশনার ও ২ জন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে এ দলটি কাজ করবে।
তিনি আরো বলেন, ‘এ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের প্রধান হিসেবে এডিসি সানোয়ার দায়িত্ব পালন করবে। তার সঙ্গে এসি নাজমুল এবং এসি জাহাঙ্গীর এ দুই জনের সমন্বয়ে ৪০ জনের একটি দল কাজ করবে। আমাদের একটা হট লাইন নাম্বার থাকবে যা ২৪ ঘণ্টাই অপহারণ সংক্রান্ত তথ্য গ্রহণ করা হবে এবং যাচাই-বাছাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আরো ৩টি নাম্বার থাকবে। এটিও যেকোনো অভিযোগ গ্রহণ করবে।’