বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নারায়ণগঞ্জের সাত খুনের এজাহারভুক্ত আসামি নূর হোসেনসহ অন্যরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টের ফটকের সামনে ছবি টাঙিয়ে দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনের আসামিসহ ওই এলাকার সন্ত্রাসীদের তালিকা হাতে পাওয়ার পরপরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেয়া হয়েছে। চেকপোস্টের ফটকের সামনে ওই হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনসহ তালিকাভুক্ত অপরাধীদের ছবি টাঙিয়ে দেয়া হয়েছে।
যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, ইমিগ্রেশন চেকপোস্টের পাশাপাশি সীমান্তে অবৈধপথে এসব আসামিরা পালিয়ে যেতে না পারে সে জন্য বিজিবি সদস্যদের সীমান্তে সবোর্চ্চ সতর্কতায় রাখা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নারায়ণগঞ্জের সাত খুনের আসামি ও সহযোগী সন্ত্রাসীরা অবৈধভাবে ভারতে যেতে না পারে সে জন্য সীমান্ত অঞ্চলে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি।