অপহরণ ও মুক্তিপণ আদায়কারী ভূয়া ডিবি পুলিশ চক্রের দলনেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের নবগঠিত অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। সোমবার রাজধানীর ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
বিদেশি অস্ত্র ও বোমাসহ পুলিশ ব্যবহার করে এমন ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে আটককৃতদের কাছ থেকে বলে জানান তিনি। স্কোয়াড গঠনের দুই দিনের মধ্যে স্কোয়াডের কাছে নতুন ও পুরনো মিলে মোট ১৭টি অভিযোগ জমা পড়েছে।
রাজধানীতে অপহরণ প্রতিরোধ ও অপহৃতকে দ্রুত উদ্ধারে ৩ এপ্রিল মহানগর পুলিশ গঠন করে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। এ স্কোয়াড গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর আফতাব নগরে প্রথমবারের মত অভিযান পরিচালনা করে। এসময় তারা ৮ ভূয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে ।
এ চক্রটি বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ করছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিশেষ ক্ষেত্রে অন্যান্য অপরাধ দমনেও কাজ করবে এ অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড এছাড়া— পরিচয়পত্র ছাড়া স্কোয়াডের কেউ কোনো অভিযান পরিচালনা করবে না বলেও জানান তিনি।
নতুন পুরোনো মিলিয়ে বেশ কয়েকটি অভিযোগ নিয়ে কাজ করছে এ দলটি। প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রে ভিন্নভাবে তদন্ত চলছে বলেও জানান কৃষ্ণ পদ রায়।
অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সাহায্য নিতে পরিচয় গোপন রেখে ডিএমপির ৩টি বিশেষ ফোন নম্বরে যে কেউ ফোন করতে বা তথ্য দিতে পারেন। ০১৭১৩৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৭৩৩৭৩২১৬।