রাজধানীর যাত্রাবাড়ি থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ সাত ব্যক্তিকে সোমবার দিবাগত রাতে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি ও তেজগাঁও থানায় ৩টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, ঢাকাসহ বিভিন্ন স্থানে তারা অস্ত্র ও গোলাবারুদ সরবারহ করে থাকে। তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।
তাদের কাছ থেকে ৫টি পিস্তল, ২৮টি গুলি, ৫টি ম্যাগাজিন ও ৬ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ঢাকাসহ বিভিন্ন জায়গায় অস্ত্র সরবারাহের পাশাপাশি সীমান্ত থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে থাকে বলে জানিয়েছেন কৃষ্ণপদ রায়।
গত ৪ মে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী ভূয়া ডিবি পুলিশ চক্রকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের অপহরণবিরোধী স্কোয়াড। জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া সূত্র ধরে গত সোমবার রাতে আরেকটি অভিযান চালায় অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড।
ডিএমপির অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের প্রধান ছানোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।