নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-১১ এর সাবেক কর্মকর্তা লে. কমান্ডার এমএম রানাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাত পৌনে ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ঢাকা সেনানিবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এর আগে শুক্রবার ভোর পৌনে ৪টায় র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে নেয়া হয়। ওই সময় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের কাজের বিস্তারিত তুলে ধরেন।
এদিকে, ৬ কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ ও হত্যায় এ তিন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়। ১১ মে হাইকোর্ট তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যাব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।