ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে হত্যার মূল পরিকল্পনাকারী কাউন্সিলর শিবলু ও কিলার গ্রুপের হোতা আবিদসহ আটক নয় জনকে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক খায়রুল আমিন এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত ৮ দিন করে মঞ্জুর করেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে : ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহিল মাহমুদ শিবলু, কিলার গ্রুপের আবিদুল ইসলাম আবিদ, জাহিদুল ইসলাম, চৌধুরী মোহাম্মাদ নাসির উদ্দিন অনিক, কাজী শাহনান মাহমুদ, সাজ্জাদুল ইসলাম পাটওয়ারী, শাহ জালাল উদ্দিন শিপন, রাহিদ হোসেন ও হেলাল উদ্দিন।
এছাড়া, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফেনী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার চার জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।
অভিযুক্তরা হলেন : ইকবাল, আলাউদ্দিন, সৈকত ও আনোয়ার হোসেন।
ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার সাংবাদিকদের বলেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যা বের সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়া ৮ জনকে গতকাল শনিবার রাত ১১টায় ফেনী থানায় নিয়ে আসা হয়। পরে তাদের ঢাকা থেকে আনার জন্য মামলার তদন্ত কর্মকর্তা ফেনী থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ঢাকা যান।
এর আগে রোববার বিকেল সোয়া ৩টার দিকে গ্রেপ্তারকৃতদের ফেনী মডেল থানা থেকে একটি প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্য দিবালোকে একরামুল হক একরাম নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে রোববার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।