জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে মিরপুর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিহারি সম্প্রদায়ের নেতারা। বুধবার সচিবালয়ে তাদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এ কথা বলেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের নামও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রকাশ করেন তারা। ওই ঘটনায় বিশৃংখলা না করতে অনুরোধ জানিয়ে তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার ভোরে মিরপুর কালশী কুর্মিটোলা বিহারি ক্যাম্পে দুর্বৃত্তদের দেয়া আগুনে ও গুলিতে নিহত হয় ১০ জন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিহারী নেতারা।
ওই ক্যাম্পের জমি সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে— উল্লেখ করে বিহারি নেতারা বলেন, অপরাধীদের তারা চিহ্নিত করতে পেরেছেন। তাই তাদের শাস্তি চেয়ে মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেন। পাশাপাশি নিহতদের পরিবার যাতে মামলা করতে পারে সে বিষয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সহযোগীতা চান তারা।
এদিকে, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কুর্মিটোলা বিহারি কম্পের বাসীন্দারা।