ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামীদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নূরে আলম সিদ্দিকী (৪৭), নাজিমুল হক (৩৯) ও রানা হাওলাদার (২৫)।
সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছিল।
মনিরুল ইসলাম দাবি, গ্রেপ্তার হওয়া নাজিমুল ও রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শামীমের ওপর হামলার মূল পরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকী। এ তথ্য পেয়ে সকালে নিউ ইস্কাটনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
তিনি আরো বলেন, সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে হামলায় ব্যবহূত মোটরসাইকেলের চালক রানাকে শনাক্ত করা হয়। মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। তার দেয়া তথ্যে হামলায় অংশ নেওয়া নাজিমুলকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুই জনের তথ্যের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদে নাজিমুল ও রানা বলেছেন, নুরে আলম স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। অনেক দিন আগে তাকে ট্রাস্টি বোর্ড থেকে বহিষ্কার করা হয়। এতে শামীমের হাত ছিল বলে সন্দেহ করছিলেন নুরে আলম। এ কারণে তাকে গুলির পরিকল্পনা করেন তিনি। হামলার জন্য নাজিমুলের সঙ্গে ছয় লাখ টাকার চুক্তি করেন নুরে আলম। এরপর সন্ত্রাসী ভাড়া করেন তিনি।
এর আগে শামীমের ওপর গুলি ছোড়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জায়গা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মনির হোসেন, জুয়েল, মেহেদি ও হারুন।
গতকাল র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান দাবি করেন, মোটরসাইকেলের পেছনে বসে মেহেদি ও হারুন এনামুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।