রাজধানীতে গ্রেপ্তারের পরদিন মিরপুর থানায় মাহবুবুর রহমান সুজন (৩৫) নামের এক আসামি রোববার ভোরে মারা গেছে।
মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে সুজনকে মিরপুর থানায় আনা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারের সময় সুজনের কাছে ২টি ম্যাগজিন ও ১০টি গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র কোথায় আছে জানতে চাইলে সুজন একজনের নাম বলে। পরে ভোরের দিকে হাজতেই সুজনের শ্বাসকষ্ট হয়। তাই তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে না নেমে পুলিশ তাকে শের-ই-বাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য সুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।