সাত খুনের বিষয়ে নতুন করে সন্দেহের অবকাশ নেই জানিয়ে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের ‘চিহ্নিত গডফাদাররাই’ এ হত্যাকাণ্ডে জড়িত।
সোমবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে এ কথা বলেন তিনি।
দেড় ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের আইভী বলেন, খুনের ‘মূল হোতাদের’ ব্যাপারে নিহতদের আত্মীয়-স্বজনের কাছ থেকে একাধিক অভিযোগ এসেছে।
সাত খুনের ঘটনার ৩৫৭ নম্বর সাক্ষী আইভী বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তদন্ত কমিটিকে তিনি পরামর্শ দিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু সুরাহা না হলে জনগণ আইন হাতে তুলে নেবে বলেও জানান তিনি।
নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য পাওয়া যাবে— মন্তব্য করে সিটি মেয়র বলেন, নারায়ণগঞ্জ এখনো অনিশ্চয়তাপূর্ণ ও অনিরাপদ এলাকা।
৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি এ পর্যন্ত ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে র্যা বের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন।
আগামীকাল সকাল সাড়ে ১১টার দিকে একই স্থানে সংসদ সদস্য শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করা হবে।