কথিত গডফাদারদের ওপর দোষ চাপিয়ে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত কাউকে রক্ষা করতে চাইছেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার সচিবালয়ে প্রশাসনিক তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় শামীম ওসমান নারায়ণগঞ্জে কথিত গডফাদারদের বিষয়ে আইভীর অভিযোগ নাকচ করে দিয়ে আইভীকেই দুর্নীতিগ্রস্ত বলে পাল্টা অভিযোগ করে বলেন, আইভীর বন্ধু সুফিয়ানকে এবং একইসঙ্গে নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করলে সত্য উদঘাটন সহজ হবে।
নূর হোসেন কোনো না কোনোভাবে সাত খুনের সঙ্গে জড়িত উল্লেখ করে শামীম ওসমান আরো বলেন, তাকে দেশে এনে জিজ্ঞেস করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। একইসঙ্গে আইভীর বন্ধু সুফিয়ানকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিৎ।
এদিকে তদন্ত কমিটি জানিয়েছে, প্রধান আসামি নূর হোসেন ও খুন হওয়া প্যানেল মেয়র নজরুল ইসলাম, দুই জনই শামীম ওসমানের ঘনিষ্ঠ বিধায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।
এর আগে নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় প্রশাসনিক তদন্ত কমিটি ডাকে সাড়া দিয়ে স্থানীয় সাংসদ শামীম ওসমান সচিবালয়ে গিয়ে পৌঁছান সকাল সাড়ে ১১টায়। এ খুনের ঘটনায় তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাকে পৌনে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।