পিনাক-৬ লঞ্চের মালিকের ছেলে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ফারুক পিনাক-৬ লঞ্চডুবি মামলার ৩ নম্বর আসামি। তিনি ডুবে যাওয়া লঞ্চটির ব্যবসা তদারক করতেন।
এর আগে গত বুধবার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে র্যাব-৭।
গত ৪ আগস্ট মাওয়া লঞ্চঘাটের অদূরে পদ্মা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে এমএল পিনাক-৬ ডুবে যাওয়ার পর এখনো ৬১ জন নিখোঁজ। মরদেহ উদ্ধার করা হয়েছে ৪৭ জনের। পরিচয় শনাক্ত হওয়ায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ২৮টি। ১৯টি মরদেহ অজ্ঞাত হওয়ায় মাদারীপুর জেলার শিবচর পৌর কবরস্থানে গণকবর দেয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে লঞ্চটির উদ্ধারকাজ স্থগিত করা হয়।
লঞ্চডুবির ঘটনায় লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালু, সারেং ও সুকানিসহ ৬ জনকে আসামি করে ৫ আগস্ট লৌহজং থানায় হত্যা মামলা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া।