রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে রোববার সকালে ২ পাউন্ড ইউরেনিয়াম সদৃশ বিস্ফোরকসহ ১১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর বাজার মুল্য প্রায় ৫০ কোটি টাকা। তবে এটি ইউরেনিয়াম কি না তা পুলিশ এখনো নিশ্চিত হন নি।
এই ঘটনাকে কেন্দ্র করে বনানী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
তেজস্ক্রিয় পদার্থ হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত ইউরেনিয়াম। বিশ্বের অনেক দেশই ইউরেনিয়াম থেকে তৈরি করছে বিদ্যুৎ। তবে এই তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি করা যায় শক্তিশালী বোমাও।
আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির উপ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, আটককৃতদের একটি চামড়ার ব্যাগ থেকে ইউরেনিয়াম জাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা এসব পদার্থকে ইউরেনিয়াম বলে দাবি করছে। তবে এগুলো ইউরেনিয়াম কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
এরসঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশ। কথিত ইউরেনিয়াম ছাড়াও রেডিয়েশন রোধক জ্যাকেট, হ্যান্ড গ্লাভস এবং ইংরেজি ও রুশ ভাষায় লেখা ক্যাটালগও উদ্ধার করা হয়।
উদ্ধার করা সামগ্রীগুলো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।