রাজধানীতে ইয়াবা সরবরাহকারী চক্রের প্রধানসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিবির পূর্বের ডিসি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির যন্ত্র ও একটি পাজেরো গাড়িসহ তাদের আটক করা হয়েছে— প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো একাধিক মাদক চক্রের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
আটককৃতদের তথ্য অনুযায়ী, সীমান্ত পথের ঝামেলা এড়াতে আর বেশি মুনাফার লোভে দেশেই ইয়াবা তৈরির চেষ্টা করছিল তারা— সাংবাদিকদের এ কথা জানান জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক মাদকচক্রের সঙ্গে ব্যবসার কথা স্বীকার করেছেন আটককৃতরা। সেই চক্রগুলোকেও খুঁজে বের করার চেষ্টা চলছে।
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র রাজধানীতে প্রবেশ করছে এ— তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রাজধানী খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে ৫৫ হাজার পিস ইয়াবা, একটি ইয়াবা তৈরির মেশিন ও একটি পাজেরোসহ মাদক চক্রের ৪ সদস্যকে আটক করে ডিএমপি। চক্রটি প্রতি মাসেই আড়াই থেকে ৩ লাখ পিস ইয়াবা রাজধানীতে সরবরাহ করে আসছিল। দীর্ঘ দিনেও পুলিশের নজরে পড়েনি।