চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত সোয়া ২টার সময় এই মামলা দায়ের করা হয়।
শেরেবাংলা নগর থানায় নিহতের মেঝ ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাত ৮/৯ কে আসামি করে এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে ফারুকীর ময়না তদন্ত সম্পন্ন শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে দিবাগত রাতে নিহতের বাসা থেকে ঘটনায় ৩ জনকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন: রফিকুল ইসলাম, মো. শফিক ও মো. বেল্লাল।
জানা গেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক সম্পাদক, ইসলামিক ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন। তার দুই স্ত্রী, প্রথম স্ত্রীর নাম আয়েশা মগবাজারে থাকেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর নাম লুবনা রাজাবাজার থাকেন।
নিহতের ভাগ্নে মারুফ সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে রাজাবাজারে তার নিজ বাসায় দুই যুবক প্রবেশ করে। এ সময় কাজের মেয়ে শরিফা ও মারুফসহ আরো ৪/৫ জন বাসায় ছিলেন। দুই যুবক বাসায় প্রবেশ করার পর পরই আরো ৫/৬ যুবক প্রবেশ করে। ফারুকী তখন ড্রইং রুমে বসে ছিলেন। দুর্বৃত্তরা মুখোশ পরা ছিলেন। তারা ফারুকীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় বাসার বাকি সদস্যদের অন্য আরেকটা রুমে বেঁধে রাখে। প্রতিবাদ করায় তারা ফারুকীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এটা জঙ্গিবাদী কোনো গোষ্ঠির কাজ হতে পারে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন, তারা হুজুরের সঙ্গে মাহফিলের বিষয়ে আলাপ করতে তার বাসায় এসেছিলেন। জিজ্ঞাসাবাদ চলছে।
কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বলেন, উগ্রপন্থী ইসলামী দল ও জামাতে ইসলামী এ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে।
ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাতের নেতা ছিলেন। এ ছাড়া তিনি ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, রাজধানীতে নিজ বাসায় বুধবার রাত ৮টা থেকে সোয়া ৮টার দিকে অজ্ঞাত পরিচয় ৫/৬ জন দুর্বৃত্ত তার বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ফারুকী বেঁধে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, এ হত্যাণ্ডের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা। ৬ দিনের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আহলে সুন্নাত জামাত।