রাজধানীর মগবাজারের সোনালীবাগে গুলি করে তিন জনকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন: ফারুক শামীম হোসেন ও সোহেল খান।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে দুজনকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায়।
ওই সময় সাংবাদিকদের বলেন, ‘গত রাতে মামলা হওয়ার পর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনায় এ দুজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। পাশাপাশি এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে কাজ করছে।
তিনি বলেন, রেলের একটি জায়গা দখল-বেদখল নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারের সোনালীবাগে চান বেকারির গলিতে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে গুলি করে। এতে বিল্লাল (২৮), মুন্না (২৫) ও হূদয় (২২) গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা ধাওয়া করে গলিতে নিয়ে গিয়ে হূদয়ের বোন রানু আক্তারকে (৩০) গুলি করে। হাসপাতালে নেয়ার পর চিকিত্সকেরা তাদের মধ্যে রানু, বিল্লাল ও মুন্নাকে মৃত বলে ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই ঘটনায় নিহত রানু আক্তারের বড় ভাই মো. শামীম ওরফে কালাচান বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী শাহ আলম ওরফে কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।