রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে ছেলেকে হত্যা ও বাবাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট (ডিবি) উপ-কমিশনার (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছিনতাই চক্রের সদস্য। খিলগাঁওয়ের ঘটনায় তিনি জড়িত।
তিনি আরো বলেন, ছেলেকে হত্যা ও বাবাকে গুলি করে হত্যা করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ৬ সদস্যের যে চক্রটি ইতিমধ্যে শনাক্ত হয়েছে, সিরাজুল তাদেরই একজন। তার কাছ থেকে ছিনতাই হওয়া ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত বৃহস্পতিবার রাতে শান্তিপুরে নিজ বাসার কাছে ছিনতাইকারীরা ইসরাইল হোসেন ও তার ছেলে শরিফ হোসেনকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে শরিফ হাসপাতালে মারা যান। গত শনিবার রাতে শরিফ হোসেনের মরদেহ ঢাকার নবাবগঞ্জের সুজাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার বাবা ইসরাইল হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।