দীর্ঘ দিন পর দেশব্যাপী একই সময় বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠন- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যা ব।
তার নাম ছগির হোসেন। রোববার গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে র্যা ব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব-১ এর অপারেশন অফিসার কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি জেএমবি সদস্য ছগির হোসেনকে গভীর রাতে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ, ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির সিরিজ বোমা হামলায় কেঁপে ওঠে সারাদেশ। সকাল সাড়ে ১১টার পর থেকে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুন্সীগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় একসঙ্গে পাঁচ শতাধিক স্থানে বোমা হামলা চালানো হয়। বিশেষ করে আদালত, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ছিল এ বোমার হামলার একমাত্র লক্ষ্য।
এ ঘটনায় দু'জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে একটি মামলার রায়ে জেএমবির শীর্ষ ছয় নেতার ফাঁসি হলেও এখনও ৫৯ মামলা নিষ্পত্তি হয়নি। সব মিলিয়ে মামলা হয় ১৬১টি। এসব মামলায় মৃত্যুদণ্ড হয় ১৫ জঙ্গির, যাবজ্জীবন সাজা হয় ১১৮ জনের। জামিনে আছেন ৩৫ জন; পলাতক ৫৭ জন।