বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ও আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল -বুধবার সন্ধ্যায় রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রামপুরা থেকে একজন বোমা বিশেষজ্ঞসহ হরকাতুল জিহাদের ৩ সদস্য এবং সেগুনবাগিচা ও রমনা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে আটক করে ডিবি বলে জানান তিনি।
ডিএমপির মুখপাত্র জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম মজুদ করছিল বলে স্বীকার করেছেন তারা।
এছাড়া আটককৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন-জেএমবির সক্রিয় সদস্য। সম্প্রতি প্রকাশিত আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির ভিডিও বার্তায় উদ্বুদ্ধ হয়ে তারা বাংলাদেশে জিহাদের পরিকল্পনা করছিলো বলে জানান তিনি।