জয়পুরহাট শহরের প্রধান সড়কের শাজাহান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত বেসরকারি ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় চুরির ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ব্যাংকের ম্যানেজার ফজলে রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। ডাকাতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সকালে আরো ৩ জনকে আটক করে র্যা ব। এ নিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে, ঘটনাটি তদন্তে বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের ডিজিএম মুর্তজা আলীর নের্তৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও পুলিশের অপরাধ তদন্ত দলের রাজশাহী অঞ্চলের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে ব্র্যাক ব্যাংকের প্রধান শাখা পরিদর্শন করেন।
এর আগে গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। দুবৃর্ত্তরা ব্যাংকের পুব দিকের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভেঙে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি করেছে। তবে টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে।
পরে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আর এ চুরি ঘটনার পর ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।