চট্টগ্রামে বেসরকারি নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয় থেকে ৩ কোটি টাকা চুরির ঘটনায় শহিদুল ইসলাম ওরফে শান্ত (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাঙামাটি সদর থেকে (র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন) র্যাব-৭-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া শান্ত গ্রুপ ফোর সিকিউরিটির কার্যালয়ে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতেন এবং চুরির প্রধান পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা চুরির কথা স্বীকার করেছেন তিনি।
সোহেল মাহমুদের বলেন, গত ১২ অক্টোবর রাতে নগরের খুলসী ৪ নম্বর এলাকায় গ্রুপ ফোর কার্যালয়ের নিরাপত্তাকর্মী শান্ত মুখোশ পরে নকল চাবি দিয়ে ভল্ট খুলে তিন কোটি টাকা চুরি করেন। পরে ওই টাকা নগরের সদর এলাকার কোতোয়ালি সিটি কলেজ মসজিদের মুয়াজ্জিন বশিরুল আলমের বাসায় রাখেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় গত ১৩ অক্টোবর গ্রুপ ফোরের কর্মকর্তা তারিক মনসুর বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া শান্তকে খুলশী থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে অভিযান চালিয়ে বশিরুল আলমের বাসা থেকে দুই কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে বশিরুল আলম বলেন, শান্ত তার বাসায় টাকাগুলো রেখেছেন।