ভারতের বর্ধমানে বিস্ফোরণের পর পালিয়ে যাওয়া জঙ্গি নসরুল্লাহর সঙ্গে চট্টগ্রামের বাকলিয়ায় বোমা তৈরির সময় আহত নসরুল্লাহর মিল রয়েছে।
এলাকাবাসীর ধারনা দুই নসরুল্লাহ একই ব্যক্তি। তবে এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে, নসরুল্লাহর পরিবারের দাবি, জঙ্গি তৎপরতার সঙ্গে তার সংশ্লিষ্টতা সম্পর্কে জানতেন না তারা।
গত বছরের ২৩ অক্টোবর চট্টগ্রামের বাকলিয়ায় একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয় শিবির কর্মী নসরুল্লাহ। ঘটনার পর সে পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। একই বছরের ২ অক্টোবর ভারতের বর্ধমানের খাগড়াগড় এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তিন জঙ্গি। যাদের মধ্যে একজনের নাম নসরুল্লাহ। ভারতের গণমাধ্যম জানায় সেই নসরুল্লাহর বাড়ি বাংলাদেশে। এর থেকে বাকলিয়ার স্থানীয় বাসিন্দাসহ অনেকেই মনে করছেন দুই নসরুল্লাহ একই ব্যক্তি।
তবে ভারতের পলাতক নসরুল্লাহই বাংলাদেশের বাকলিয়ার নসরুল্লাহ কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. মহসীন।
এদিকে, এ বছরের জানুয়ারিতে নসরুল্লাহ তার স্ত্রী ও বড় ভাই এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তবে বোমা তৈরির সঙ্গে নসরুল্লাহর সম্পৃক্ততার কথা জানা ছিল না দাবি করে ঘটনার দায় তাদের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তার ভাই শেখ আসাদ উল্লাহ।