রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা শাখার সদস্যরা।
শুক্রবার রাত সোয়া ২টার দিকে উদ্ধার হওয়া এ স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিমানবন্দরের টয়লেটসহ বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। এসময় একটি টয়লেটের কমোডের ভেতর থেকে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের মধ্য থেকে এক কেজি করে ১২টি সোনার বার ও তিন কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এ ঘটনার তদন্ত চলছে তবে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রাসহ দুই জনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমসের সহকারি কমিশনার জুলেখা খানম জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে মালয়েশিয়া যাওয়ার পথে বিমানে ওঠার সময় সন্দেহভাজন দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে সৌদি রিয়ালসহ ওই বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় অটক বদিউজ্জামান ও জিয়াউল হকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।