বিদেশিদের কাছে বাড়ি ভাড়া দেয়ার আগে তাদের বৈধ কাগজপত্র আছে কি-না, তা যাচাই করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবৈধভাবে বসবাসের অভিযোগে রাজধানী থেকে ৩১ জন বিদেশি নাগরিককে আটকের পর ৪ জনকে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। অবৈধভাবে বসবাসকারী এসব বিদেশিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে আফ্রিকার বিভিন্ন দেশের ৩১ নাগরিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পাসপোর্ট ও ভিসা না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে বিদেশিদের মধ্যে খুব স্বল্প সংখ্যকের বৈধ কাগজপত্র থাকলেও অধিকাংশই অবৈধভাবে বসবাস করছেন। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।
এদের মধ্যে ৪ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বাকীদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ-কমিশনার কৃষ্ণ পদ রায়।
তবে দেশের বিভিন্ন জেলায় এসব বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করলেও, দেশে প্রবেশের পর তাদের মনিটর করা পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলে জানালেন পুলিশের এ উর্দ্ধতন কর্মকর্তা।
একইসঙ্গে এ বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করে বাড়িভাড়া দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
এছাড়া, এসব অবৈধ বিদেশির দৌরাত্ম বন্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।