রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট সদস্য ও সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি (বিহাস) এলাকায় এ ঘটনা ঘটে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, তার (একেএম শফিউল ইসলাম) পিঠে কয়েকটি গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
এর আগে ২০০৬ সালে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। ওই ঘটনার শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ কয়েকজনকে অভিযুক্ত ছিলেন।