মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ছেলেকে ধারালো ছোরার মুখে জিম্মি করে মাকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
জানা গেছে, গত ১৩ নভেম্বর এ ঘটনার পর মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়। অভিযুক্ত একজনকে আটকের পর বুধবার বিষয়টি জানাজানি হয়।
সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, উপজেলার বালুরচর ইউনিয়নে গত ১৩ নভেম্বর রাতে স্থানীয় বাজারের এক হোটেল কর্মচারীর বসত-ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তিন যুবক।
তিনি বলেন, এ সময় হোটেল কর্মচারী বাজারে তার কর্মস্থলে ছিলেন, এ সুযোগে ৫ বছরের ছেলের বুকে ধারালো ছোরা ধরে মাকে পালাক্রমে ধর্ষণ করে জামাল হোসেন, আওলাদ হোসেন ও আনিছ মিয়া।
ওসি জানান, এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাদবররা সালিশি বৈঠক ডাকার অজুহাতে কালক্ষেপণ করে আসছিল। তাই মামলা দায়েরে বিলম্ব হয়।
নির্যাতনের শিকার ওই নারীর স্বামী তিন জনের নামে উল্লেখ করে মামলার পর জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।