ভারতে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় আটক এক বাংলাদেশিসহ তিন জনকে এবার মুখোমুখি করে জেরা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এনআইএ এবং সফররত বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দলের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে তাদেরকে জেরা শুরু করেন দুদেশের গোয়েন্দারা।
গতকাল বাংলাদেশের শেখ রহমাত উল্লাহ সাজিদ, মিয়ানমারের খালিদ মুহাম্মদ ও বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী ভারতের আব্দুল হাকিমকে কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক মুমতাজ হাকিম খানের এজলাসে হাজির করে এনআইএ।
তাদেরকে ৫ দিনের জন্য নিজের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করে তদন্ত সংস্থাটি। পরে আদালত তাদের আবেদন মঞ্জুর করে ওই তিন জনকে ২ ডিসেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেয়।
সন্ধ্যা থেকেই সল্টলেকে সিআরপিএফ ক্যাম্পে সাজিদসহ অন্যদের জেরা করেন দুদেশের গোয়েন্দারা।
এনআইএ জানিয়েছে, বাংলাদেশের গোয়েন্দাদের জন্যই তিন জনকে হেফাজতে চেয়ে আবেদন করা হয়।
সাজিদ ও খালিদের কাছ থেকে পাওয়া কিছু তথ্য হাকিমের সমানে আবার তাদের নিজের বয়ানে যাচাই করে দেখা হবে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ও গোয়েন্দা প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে কলকাতা সফর করছে এ প্রতিনিধিদলটি।