পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের ৩ নাগরিককে গ্রেপ্তার করেছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবির উপ-কমিশনার কৃষ্ণপদ রায়।
রোববার রাতে লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএয়ের সদস্যরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ -জেএমবি'র সম্পৃক্ততা পায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তারা। যাদের মধ্যে শেখ রহমতুল্লাহ সাজিদ নারায়ণগঞ্জের মাসুম বলে বাংলাদেশের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন।
এছাড়া, ওই ঘটনায় জড়িত সন্দেহে হায়দ্রাবাদ থেকে খালিদ ওরফে খালিদ মোহাম্মদ নামের মিয়ানমারের এক নাগরিককে আটক করে এনআইএ। খালিদ মিয়ানমারের উগ্রপন্থি সংগঠন তেহেরিক-ই-আজাদি আরাকার এর হয়ে পাকিস্তানের তেহেরিকেই তালিবানের কাছে থেকে জঙ্গি প্রশিক্ষণ নেন। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া মিয়ানমারের ৩ জঙ্গিদের নেতাই খালিদ বলে জানান তিনি।
বধর্মানের ঘটনায় সন্দেহভাজনদের যে তথ্য ভারতীয় গোয়েন্দারা দিয়েছেন, তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া দুজনের মিল পাওয়া গেছে বলেও জানান কৃষ্ণপদ রায়।