ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। সূত্র বার্তা সংস্থা পিটিআইয়ের ও টাইমস অব ইন্ডিয়া।
শনিবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এ অর্থপ্রধানকে গ্রেপ্তার করা হয়।
ডক্টর নামেও পরিচিত শাহনূর। তিনি আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বাস করছিলেন। তাকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হয়।
এর আগে এনআইএ পশ্চিমবঙ্গের বর্ধমানের এ বিস্ফোরণে ঘটনায় প্রধান পরিকল্পনাকারী সাজিদ, খালিদ মোহাম্মদ এবং আবদুল হাকিমকে আটক করে। তারা সবাই এখন ভারতের কারাগারে রয়েছে।
গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর থেকে শাহনূরের খোঁজ করছিল এনআইএ। তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করে সংস্থাটি। গত মাসে শাহনূরের স্ত্রীকে গ্রেপ্তার করে এনআই।