রাজধানীর বকশিবাজারে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের মধ্যেই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা করা হয়েছে।
মারধরে তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা তার গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
জানা গেছে, নেত্রকোনা-১ আসনের এই এমপি সকালে পাবলিক লাইব্রেরি চত্বরের বই মেলায় আসেন। সেখানে এমপির সঙ্গে থাকা এক ব্যক্তি অসুস্থ হলে তাকে নিয়ে তিনি ঢাকা মেডিকেলে যান।
ওই ব্যক্তির চিকিৎসা শেষে মেডিকেলের গেইট দিয়ে বের হতেই বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়ে তার গাড়ি। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে বেদম মারধর করে। এতে তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়তে দেখা গেছে।
ছবি বিশ্বাসের গাড়ির চালক হাসনাইন বলেন, চানখারপুল থেকে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করেই মেডিকেলে সামনে আমাদের গাড়ির গতিরোধ করে।
তিনি বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই স্যারসহ গাড়ির ভেতরে থাকা সবাইকে বেদম মারধর করতে থাকে তারা। এ সময় স্যার জীবন বাঁচাতে দৌঁড়ে ঢাকা মেডিকেলের ভেতরে গিয়ে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন।
হাসনাইন বলেন, আমিও দৌঁড়ে নিরাপদ দূরত্বে গেলে বিএনপির নেতাকর্মীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা গাড়ির আগুন নেভায়।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে আদালতে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরা দিতে যান। এ সময় জড়ো হওয়া দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
এ সময় দুদফার সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।