ফরিদপুরে রূপালী ব্যাংকের কর্পোরেট শাখার ভল্ট থেকে চুরি যাওয়া প্রায় দেড় কোটি টাকার মধ্যে এক কোটি ২২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ব্যাংকের অফিস সহকারী আবুল কালাম আজাদের বাড়ি সদর উপজেলার ঘনশ্যাম গ্রাম থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান।
ফরিদপুরে রূপালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে রোববার দেড় কোটি টাকা চুরির অভিযোগ করে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।
গ্রাহকদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হয়েছে বলে লেনদেনের সমস্যা হচ্ছে জানানো হলেও টাকা দেয়া হয়নি।
পরে, জানা যায় ব্যাংকের ভল্টে কোনো টাকা নেই। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।