রাজধানীর লালবাগের একটি বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে রাজাধানীর কাটাবনের বোমা-বাপ্পি খ্যাত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পী ও দুই শিশুসহ আহত হয়েছেন ৩ জন।
আহতরা হলেন : বাপ্পী (২৫), হ্যাপি (১২) ও রিপন (৬)।
লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, রাজধানীর লালবাগ চৌরাস্তায় ৩১/২ হোল্ডিংয়ের দোতলায় এক মাস আগে বাসা ভাড়া নেন মাহবুবুর রহমান বাপ্পী ওরফে বোমা-বাপ্পির দুলাভাই। দুপুর ৩ টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ফ্ল্যাটে গিয়ে বাড়িওয়ালা দেখেন দরজা খোলা। ভিতরে ধোঁয়া আর বারুদের গন্ধ।
পরে পুলিশের ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে নিশ্চিত হন বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত বাপ্পী নিউমার্কেট থানা ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে ৪ জন আহত হলেও বাপ্পী ছাড়া বাকি ৩ জন ঝুঁকিমুক্ত।
চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে বাপ্পীর একটি হাত উড়ে গেছে। ক্ষত হয়েছে শরীরের বিভিন্ন অংশে, তার অবস্থা আশংকাজনক।