নাশকতাকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ও গ্রেপ্তারের সহায়তা করলে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার সংস্থাটির সদর দপ্তর থেকে দেয়া লিফলেটে এ তথ্য জানানো হয়।
তথ্যদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে প্রচারপত্রে।
প্রচারপত্রে বলা হয়, কোনো ব্যক্তি ককটেল নিক্ষেপকারী সম্পর্কে সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা ও ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
এছাড়াও ককটেল নিক্ষেপের পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে সঠিক তথ্য দিলে ৫০ হাজার টাকা দেয়া হবে।
আরো বলা হয়, পেট্রোল বোমা নিক্ষেপকারী সম্পর্কে তথ্য দিলে ২০ হাজার টাকা ও হাতেনাতে গ্রেপ্তারে সহায়তা করলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। আর পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী ও সংগঠকদের সম্পর্কে তথ্য দিলেও এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।
গাড়িতে ককটেল নিক্ষেপ, বোমা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ছবি ব্যক্তিগত মোবাইল বা ক্যামেরায় ভিডিও চিত্র ধারণ করে র্যাবকে দিলে ১০ হাজার টাকা দেয়া হবে।
এছাড়া টিভি চ্যানেলে দেখানো বোমা, পেট্রোল বোমা নিক্ষেপকারী ও যানবাহন ভাঙচুরকারীদের গ্রেপ্তারে সাহায্য করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।