কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার ভোররাতে যাত্রীবাহী বাসে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ৭ যাত্রী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ১৬ যাত্রী। তাদেরকে চৌদ্দগ্রাম ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মনির হোসেন দেশটিভিকে জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পৌঁছলে বাসটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে অবরোধকারীরা। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৭ যাত্রী।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার চক্রবর্তী জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, যশোরের মনিরামপুরে পেট্রোল বোমা ছুড়ে মারার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ২ জন।
ভোর ৫টার দিকে গাজীপুরের শিববাড়ি বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সকালে কালীগঞ্জে একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
নাশকতার আশঙ্কায় ঢাকায় ২ শিবিরকর্মীসহ খুলনা, হবিগঞ্জ ও দিনাজপুরে শতাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে।