রাজধানীর যাত্রাবাড়ীতে রোববার পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
দুপুরে পুলিশ গাড়ি লক্ষ্য করে জাকির হোসেন (২৫) পেট্রোলবোমা ছোড়ে, ঠিক ওই সময় পুলিশ সদস্য দেখে ফেলায় তার দুই পায়েই গুলি করে তারা।
গুলিবিদ্ধ যুবকের একজন টোকাই বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বরিশালের জিয়ানগর এলাকায়। ঢাকায় তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর মোমিনাবাগ এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ার চেষ্টা করেন জাকির। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পেট্রলবোমাটি পুলিশের গাড়িতে পড়েনি। পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার দুই পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে যাত্রাবাড়ী থানার এসআই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।