ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদন আগামীকাল (বৃহস্পতিবার) করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী তাজুল ইসলাম। বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, কামারুজ্জামানের রায়ের রিভিউ আবেদনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল উচ্চ আদালতে রিভিউ আবেদন করা হবে। আপিল বিভাগের অন্যান্য মামলার ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা ও সময় দেয়া হয়। কামারুজ্জামানের রিভিউয়ের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।
তিনি আরো বলেন, কামারুজ্জামান শারীরিকভাবে কিছুটা অসুস্থ হলেও মানসিকভাবে বেশ দৃঢ় রয়েছেন। তিনি বলেছেন-তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তাতে তিনি ন্যায় বিচার পাননি। তবে রিভিউ আবেদনে ন্যায় বিচার পাবেন বলে বেশ আশাবাদী তিনি (কামারুজ্জামান)।
এর আগে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তার পাঁচ আইনজীবী সকাল ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। সেখানে তারা প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। পরে দুপুর পৌনে ১২টায় দিকে বেরিয়ে কারা ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠমতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। গত ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
ওই দিন পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি সকালে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন বিচারপতি।
ওই দিনই মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এবং তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পান কামারুজ্জামানের আইনজীবীরা।