দেশ টিভি ও ভোরের কাগজ অফিস ভবনের সামনে গাড়ি পোড়ানোর মামলায় দুই শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য মামলায় আটক রাজধানীর শাহজাহানপুরের শিবির সভাপতি হাসান মাহফুজ ও তার সহযোগী আব্দুল হালিম মাসুমকে বৃহস্পতিবার গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ডের শুনানির তারিখ ৯ মার্চ ঠিক করেছে।
তবে মামলার এজাহারে এ দুই শিবির ক্যাডারের নাম নেই।
গত শনিবার দেশ টিভি ও ভোরের কাগজের অফিস ভবনের সামনের সড়কে গাড়ি ভাঙচুর, পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ক্যাডাররা অধিকাংশই শিবিরের সদস্য। ঢাকার বাইরে থেকে বেশ কিছু সন্ত্রাসীও এ হামলায় অংশ নেয়।
গোয়েন্দারা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয়েছেন, সড়কের দুই পাশে ৩০ /৪০ জনের একটি সংঘবদ্ধ দল ছয়টি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এ তাণ্ডব চালায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও গণসংযোগ বিভাগ উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, সিসি টিভির ভিডিও ফুটেজে না থাকলেও এ দুইজন সে দিনের হামলা মিশনে অংশ নিয়েছিল।
হামলার নেপথ্যের কুশীলব ও এজাহারভুক্ত অভিযুক্তদেরও খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানা তিনি।