লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল ও বাংলা একাডেমি পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে তারা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে এফবিআই প্রতিনিধিদল প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা বাংলা একাডেমিতে চলে যান। এর পর আসেন ঘটনাস্থলে।
পরে এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, মামলাটি তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেবে এফবিআই।
অভিজিত হত্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার বাবা শিক্ষাবিদ অজয় রায়।
এদিকে, অভিজিত হত্যার প্রতিবাদে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে শাহবাগে মানববন্ধন করেছে ২টি সংগঠন। পরে ঘটনাস্থলে ফুল দিয়ে অভিজিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ৪ সদস্যের একটি দল ঢাকায় আসে। পরে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তারা।
বৈঠক শেষে ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে, তাদের মধ্যে আরো বৈঠক হবে। অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে এফবিআই সদস্যরা সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবী এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে এখনও মুখ খোলেনি।
এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দ্রুতই অপরাধিদের ধরা সম্ভব হবে। এফবিআইয়ের সকল পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে মামলার তদন্ত সংস্থা (ডিবি)।
গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ।
‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পরপরই ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে তদন্তে অংশ নেয়ার আগ্রহের কথা জানান।
অভিজিৎ হত্যার ঘটনায় ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেন তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়। তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।
উল্লেখ্য, একুশে বইমেলায় নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে অভিজিৎ-রাফিদা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক। ধর্মবিষয়ক ও বিজ্ঞানভিত্তিক লেখালেখির কারণে উগ্রবাদীরা অভিজিৎকে বেশ কিছুদিন ধরেই হত্যার হুমকি দিয়ে আসছিল।