আদালতের অনুমতি পেলেই দু'একদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ল্যাবে বিজ্ঞান লেখক-ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আদালতের অনুমতি পেলে হত্যাকাণ্ডের আলামত এফবিআই সদস্যরা যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন এবং সেখানে এসব আলামত পরীক্ষা-নিরীক্ষা করবেন।
মনিরুল ইসলাম বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডে গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন শাফিউর রহমান ফারাবীকে জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম বেরিয়ে এসেছে এবং তাদের তালিকা করা হয়েছে।
এদের মধ্যে রয়েছে ফেইসবুকে ফারাবীর ১০ জন অনুসারি। তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র।
এদিকে, সোমবারও অভিজিৎ হত্যার প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন করেছে 'আমরাই অভিজিৎ' নামের একটি সংগঠন। এসময় তারা মুখে কালো কাপড় বেধে, গলায় বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড ঝুলিয়ে রাখে।
উল্লেখ্য, একুশে বইমেলায় নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে অভিজিৎ-রাফিদা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক। ধর্মবিষয়ক ও বিজ্ঞানভিত্তিক লেখালেখির কারণে উগ্রবাদীরা অভিজিৎকে বেশ কিছুদিন ধরেই হত্যার হুমকি দিয়ে আসছিল।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতকে। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। খুনিরা পালিয়ে যায় সবার চোখের সামনে অথচ পুরো এলাকায় ছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।