বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে মার্কিন তদন্ত সংস্থা-এফবিআই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের- ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
এরইমধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা মামলার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র—উল্লেখ করে সেইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত এফবিআইয়ের সদস্যদের সঙ্গে একজন তদন্ত বিশেষজ্ঞ শিগগিরই যোগ দিচ্ছেন বলেও জানান তিনি।
সোমবার রাজধানীতে পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় ডিএমপির মুখপাত্র বলেন, নিহত অভিজিত ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র আলাদা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
তদন্ত কাজে সহায়তায় শিগগিরই একজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন–উল্লেখ করে মনিরুল ইসলাম আরো বলেন, এফবিআইয়ের ল্যাবে আলামত পরীক্ষার ফল খুনিদের ধরতে সহায়তা করবে বলে তারা আশাবাদী।
গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে উগ্রপন্থীদের হামলায় নিহত হন বিজ্ঞান লেখক অভিজিত রায়।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথভাবে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা-এফবিআই।