চট্টগ্রাম সরকারি কলেজে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে একে-টু টু রাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭২ জনকে আটক করেছে পুলিশ।
পরে বুধবার ভোরে হাজী মুহাম্মদ মহাসিন কলেজের ছাত্রবাসে অভিযান চালিয়ে আরো ৮ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, পুলিশ জানিয়েছে, শিবিরকর্মীরা বড় ধরনের নাশকতার জন্য এসব অস্ত্র মজুত করেছে।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার এস এম তানভীর আরাফাত দেশটিভিকে জানিয়েছেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে শিবির অধ্যুষিত চট্টগ্রাম সরকারি কলেজে অভিযান শুরু করে পুলিশ। চলে কলেজের বিভিন্ন ছাত্রবাসে তল্লাশি চালায়। এক পর্যায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছাত্রাবাসের পাশে মাটির নীচ থেকে উদ্ধার হয় বস্তাবন্দি অস্ত্র ও গুলি। পাওয়া যায় একে-টু. টু., ১টি থ্রি নট থ্রি, ৩টি পিস্তল, ৩টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি দোনলা বন্দুক, ৫টি রকেট ফ্লেয়ার, ৬৪ রাউন্ড কার্তুজ ও ২৭ রাউন্ড গুলি। এ অস্ত্র মজুদের সঙ্গে জড়িত সন্দেহে ৭২ জনকে আটক করে পুলিশ। ধারনা করা হচ্ছে তারা শিবিরের সঙ্গে যুক্ত।
এ পরপরই পুলিশ অভিযানের নামে শিবির নিয়ন্ত্রিত সরকারি হাজী মুহাম্মদ মহাসিন কলেজে। উদ্ধার হয় দেশি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। পালিয়ে যাওয়ার সময় কলেজের পেছনের পাহাড় থেকে আটক করা হয় ৮ শিবিরকর্মীকে।
পরে যে সব ছাত্রাবাস থেকে অস্ত্র পাওয়া গেছে সেগুলো সিলগালা করে দেয়া হয়।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল জানিয়েছেন, শুধু ছাত্র নয়, এর সঙ্গে জড়িত থাকতে পারেন শিক্ষকরাও।