অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা নেয়া হয়েছে।
মঙ্গলবার তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষকের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
উল্লেখ, গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও 'মুক্তমনা' ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন।
এর আগে অভিজিৎ রায় হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষক ফারসীম মান্নান জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়। বুয়েটের ওই শিক্ষকের সঙ্গে শিবিরের কয়েকজনের সংশ্লিষ্টতাও রয়েছে বলে দাবি করেন তিনি। ২০ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাগরিক সমাবেশে অধ্যাপক অজয় রায় বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে পাওয়া এসব তথ্য তিনি ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকেও জানিয়েছেন।