বিগত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি সদস্য হোসাইন আহমেদ তামিমের কাছ থেকে মোবাইল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী ব্যারাক ভবনের বিশেষ এজলাসে নেয়ার সময় চেক পয়েন্টে তার কাছ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
জেলখানার মধ্যে মোবাইল বোমা বানিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতেই এসব সরঞ্জাম আনা হয়েছিল বলে জানান লালবাগ থানার উপ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ।
বিগত ২০০৪ সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি জেএমবি সদস্য হোসাইন আহমেদ তামিম।
সকালে ওই মামলায় অভিযুক্তদের নেয়া হয় ঢাকা কেন্দ্রিয় কারাগারের সামনে কারারক্ষী ব্যারাক ভবনে স্থাপিত বিশেষ এজলাসে।
এজলাসের প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনী তামিমের দেহ তল্লাশী করে একটি ফাইল পায়। পরে ফাইলের ভেতর থেকে একটি মোবাইল, রেডিও, চুম্বক, ব্লেড, ক্যাবল, ব্যাটারি, চার্জার, ৬টি সিমকার্ডসহ কয়েক রকমের ঔষধ দেখতে পায় পুলিশ।
এসব সরঞ্জাম ব্যবহার করে কারাগারের ভেতরে অথরা আদালতের এজলাসে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল আসামিদের। পুলিশ এ রকমই সন্দেহ করছে।
যারা এর সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।