ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় চার বাংলাদেশিসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ।
সোমবার এক বিবৃতিতে এনআইএয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির একটি চক্রান্তের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওই চক্রান্ত অনুযায়ী সহিংস কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত এবং শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্য ছিল জঙ্গিদের যা বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সবার নজরে আসে।
এনআইএ-এ দাবি করছে ভারতের পশ্চিমবঙ্গসহ আসাম এবং ঝাড়খণ্ডেও জেএমবি তাদের নেটওয়ার্ক প্রসারিত করেছে।
গত বছরের দুই অক্টোবর বর্ধমান জেলার খাগরাগড়ে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হন।
প্রাথমিকভাবে সেটিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলা হলেও তদন্তের মাধ্যমে এর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।