বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আল-কায়দার ভারতীয় উপমহাদেশীয় শাখা-একিউআইএস। রোববার আল-কায়দাসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতার ওপর নজরদারি করা একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
এদিকে অভিজিৎ হত্যাকাণ্ডের পরপরই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম টুইটারে এর দায় স্বীকার করেছিল। মামলাটি এখন তদন্ত করছে বাংলাদেশি গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।
কয়েক বছর ধরেই উগ্রপন্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞান লেখক-ব্লগার অভিজিৎ রায়কে হত্যার হুমকি দিয়ে আসছিল।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতকে। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। খুনিরা পালিয়ে যায় সবার চোখের সামনেই।
হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো সম্মিলিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এমন কথা জানায় পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই যৌথভাবে এ হত্যা মামলার তদন্ত নামে।