আনসারুল্লাহ বাংলাটিমের জঙ্গি তৎপরতার কাজে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছিল জঙ্গি সংঠনটির সদস্যরা বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খন্দকার গোলাম ফারুক বলেন, ওই ঘটনার ‘মূল হোতা’ জসিম উদ্দিন ওরফে আসাদকে মানিকগঞ্জের দৌলতপুর থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, ব্যাংক ডাকাতি করে পালানোর সময় নিজের সঙ্গীদের ছোড়া বোমা ও গুলিতে আহত হয় জসিম। আহত অবস্থায় পালিয়ে প্রথমে আশুলিয়ায় শ্বশুর বাড়িতে ও পরে দৌলতপুরে ফুফা শ্বশুর বাড়িতে অশ্রয় নেয় জসিম। ডাকাতির ঘটনায় সেদিনই তদন্তে নামে পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার রাত ৩টায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার হওয়া সদস্যরা আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য— উল্লেখ করে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলেন, এ ঘটনায় জড়িত ৭ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ১৮ এপ্রিলের পর থেকে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না, এ বিষয়টি খতিয়ে দেখা হবে।
গত ২১ এপ্রিল দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের ম্যানেজারসহ ৭ জন হন। আর গণপিটুনিতে নিহত হন একজন ডাকাত।